পাবনার ভাঙ্গুড়া উপজেলার ময়দানদিঘী বাজারে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি করা একটি গ্রামীণ মার্কেট ছয় বছরেও চালু করা যায়নি।
দোকান বরাদ্দ না হওয়ায় অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সরকারও সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট দপ্তর জানায়, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সালের ১৪ জুলাই উপজেলার ময়দানদিঘী বাজারে দ্বিতল গ্রামীণ মার্কেট নির্মাণকাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করে। ২০২০ সালে নির্মাণকাজ শেষ হলেও প্রায় দেড় বছর পর, ২০২২ সালে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পরও দোকান বরাদ্দ না হওয়ায় মার্কেটটি এখনও চালু হয়নি।
মার্কেটটিতে ১৪টি দোকান আছে। পরিকল্পনা অনুযায়ী নিচতলায় কাঁচাবাজার ও মাছ-মাংসের দোকান এবং ওপরতলায় হার্ডওয়্যার, গার্মেন্টস, কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালিত হওয়ার কথা। এছাড়া ভবনটিতে বিশুদ্ধ পানি ও আধুনিক স্যানিটেশন সুবিধাও রয়েছে। কিন্তু দোকান বরাদ্দের অভাবে এসব অবকাঠামো দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
ময়দানদিঘী বাজারের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, প্রায় ছয় বছর আগে মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও এখনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি। ফলে ভবনটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে এবং স্থানীয়রা এর কোনো সুবিধা পাচ্ছেন না।
খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, মার্কেটটি চালুর বিষয়ে উপজেলা ইউএনওর সঙ্গে আলোচনা হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে বসে দোকান বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, গ্রামীণ মার্কেটটি দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।