শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১২:৫০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৩:০৩ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার শাজাহানপুরে মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন।
উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে জোর করে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে খোরশেদকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া এগিয়ে যান। এ সময় ৮-৯ জন রঞ্জু মিয়াকে মারধর শুরু করেন। তার চিৎকারে বিষয়টি তার ছেলে জুবায়ের লক্ষ্য করেন এবং বাবাকে বাঁচাতে যান। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত খোরশেদ আলম ও জুবায়েরকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের বলেন “আমি পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে যাই। গিয়ে দেখি ৮-৯ জন বাবাকে মারধর করছে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে তারা আমার বাবাকে ছুরিকাঘাত করে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।”
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”