মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১২:২৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১২:২৮ পিএম
পাকুন্দিয়ায় দুটি মাদ্রাসা পরিদর্শন করেন কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি মাদ্রাসায় আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হতাশাজনক চিত্র দেখে ক্ষোভ জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও পরিচালনা কমিটিকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে বলেন, বসে বসে বেতন নেওয়া যাবে না। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আনতে হবে। কোনো গাফিলতি বরদাশত করা হবে না।
সোমবার উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও শৈলজানি আলিম মাদ্রাসা আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন।
পরিদর্শনের সময় প্রথমেই শিক্ষার্থীদের উপস্থিতির খাতা যাচাই করেন সংসদ সদস্য। পরে বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে সরাসরি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনে দেখা যায়, চিলাকারা রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসায় তালিকাভুক্ত ৩০২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ৫৯ জন। অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগেরও কম শিক্ষার্থী সেদিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। একইভাবে শৈলজানি আলিম মাদ্রাসায় ৪৮৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত পাওয়া যায় মাত্র ১০৬ জনকে। উপস্থিতির এমন নিম্নহার দেখে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য।
শৈলজানি আলিম মাদ্রাসায় শিক্ষক উপস্থিতিও যাচাই করা হয়। সেখানে কর্মরত ২৬ জন শিক্ষকের মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন। একজন পারিবারিক কারণে ছুটিতে, একজন ফোনে ছুটি নিয়েছেন এবং অপর দুই শিক্ষকের অনুপস্থিতির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চান তিনি।
পরিদর্শনের একপর্যায়ে এমপি মো. জালাল উদ্দিন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাঠ্যবিষয়, নিয়মিত ক্লাস, শিক্ষক উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে জানতে চাইলে অনেক শিক্ষার্থীর উত্তর সন্তোষজনক ছিল না। এতে তিনি শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটিকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কিন্তু দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে আমি হতাশ হয়েছি। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। শিক্ষার পরিবেশও সন্তোষজনক নয়। শুধু ভবন থাকলেই হবে না, শিক্ষার মান নিশ্চিত করতে হবে। শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিভিন্ন সমস্যাও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি বলেন, মাদ্রাসার বাথরুম অপরিচ্ছন্ন। খেলার মাঠও ব্যবহারের অনুপযোগী অবস্থায় রয়েছে। এ ধরনের পরিবেশে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ উন্নত করতে হবে।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে না, তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে হবে। শিক্ষক ও পরিচালনা কমিটির গাফিলতির কোনো সুযোগ নেই। বসে বসে বেতন নেওয়ার দিন শেষ। সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, শিক্ষার মানোন্নয়নে নিয়মিত তদারকি, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, নিয়মিত পাঠদান এবং সহশিক্ষা কার্যক্রম চালুর ওপরও গুরুত্বারোপ করেন।
দুই মাদ্রাসা পরিদর্শন শেষে সংসদ সদস্য পাকুন্দিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন। সেখানে শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে পাকুন্দিয়া উপজেলা ইউএনও রুপম দাস, পাকুন্দিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, কৃষক দলের সভাপতি শামসুল হক মিঠু, যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।