রাবি প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১২:১৮ পিএম
রাবি শিক্ষার্থীকে টিটির মারধরের অভিযোগে রেললাইন অবরোধ করেছে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে টিকিট চেকার (টিটি) ঘুস নেওয়ার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জের কাছাকাছি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ চার দফা দাবি
নিয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টায় এই প্রতিবেদন লেখার সময় তারা রেললাইনে অবস্থান
নিয়ে আছেন। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ওই শিক্ষার্থী ফোরকান উদ্দিনের অভিযোগ, ট্রেনে টিকিট চেক করার সময়
তিনি নিজের টিকিট টিটির কাছে প্রদর্শন করেন। এ সময় সামনের আসনে থাকা দুই যাত্রীর টিকিট
না দেখে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে তিনি দেখতে পান। বিষয়টির প্রতিবাদ করায়
পেছন থেকে সুমন নামে এক টিটি তার ওপর হামলা চালান। পেছন থেকে একজন টিটি আমার ওপর হামলা
করেন। আমাকে গলা চেপে ধরে, পায়ে আঘাত করে এবং টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়। তারা আমাকে
হত্যার চেষ্টা করেছে।’
ঘটনার পর বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী
রেলস্টেশনে গেলে অভিযুক্ত টিটিকে সেখানে পাওয়া যায়নি বলে তাদের অভিযোগ এর পরিপ্রেক্ষিতে
তারা রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেন।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা করা; ভুক্তভোগীকে হত্যাচেষ্টার অভিযোগে রেল কর্তৃপক্ষকে বাদী হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া; মারধরের শিকার শিক্ষার্থীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে সকল দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা।
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বললেন, ‘রেলের একটি সার্বজনীন অনিয়মের প্রতিবাদ করায় আমাদের শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করা হয়েছে। ট্রেনের টিটির বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ ও অনিয়মের শত শত অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর আমরা রেল অবরোধের আগে স্টেশনে গিয়ে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারেনি এবং অভিযুক্ত টিটিকেও হাজির করতে পারেনি। এ কারণে আমরা এখানে অবস্থান করছি।’
তিনি আরও বলেন, যত দ্রুত অভিযুক্ত টিটিকে হাজির করে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে, তত দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে আমরা বিবেচনা করব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বললেন,
‘আমাদের একজন শিক্ষার্থীকে গতকাল টিটি কর্তৃক প্রচণ্ড মারধর করা হয়েছে। এর প্রতিবাদে
শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ
হয়েছে। তারা আলোচনায় বসতে রাজি আছে। তবে আলোচনা ক্যাম্পাসে হবে নাকি রেলস্টেশনে হবে,
সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। যেহেতু শিক্ষার্থীরা এরই মধ্যে রেলস্টেশনে
গিয়েও কোনো সমাধান পায়নি, তাই বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর
রহমান বললেন, 'শিক্ষার্থীদের অবরোধ করায় আমাদের দুইটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেনের
সিডিউল বিলম্ব হচ্ছে। ট্রেনগুলো রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। আমরা তাদের
সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা অব্যাহত রাখছি। আশা করছি দ্রুতই সমাধান হয়ে যাবে।'