রাবি শিক্ষার্থীদের অবরোধ
রাজশাহী অফিস
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১১:০৮ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১১:১৮ এএম
রাবির চারুকলা সংলগ্ন রেল লাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষার্থীকে নির্যাতন ও চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টার প্রতিবাদে রাজশাহীর সাথে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
শেষ খবর যাওয়া পর্যন্ত তিতুমীরসহ ঢাকাগামী ধুমকেতু ও সিল্কসিটি ট্রেন রাজশাহী স্টেশনের আটকা পড়ে রয়েছে। ট্রেনগুলোতে অন্তত চার হাজার যাত্রী রয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
রাবির চারুকলা সংলগ্ন রেল লাইনে মঙ্গলবার সকালে গাছের গুড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা।
টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের প্রতিবাদ করায় টিটি দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতন ও চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টার প্রতিবাদসহ ৪ দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী আইন বিভাগের ফুরকান জানান, সোমবার পদ্মা ট্রেনে চড়ে তিনি রাজশাহীতে আসছিলেন। এ সময় টিটি তার টিকিট দেখতে চাইলে তিনি টিকিট দেখান। পাশের কিছু যাত্রীর কাছে টিকিট না থাকায় তাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও টিটি তাদের কোনও রশিদ দেননি।
এটা দেখে তিনি টিটিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে, দুইজন টিকিট চেকার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং দুই বগীর মাঝে নিয়ে আবারও নির্যাতন করেন। এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজার কাছে নিয়ে ধাক্কা দিলে তিনি দরজার হাতল ধরে অল্পের জন্য রক্ষা পান।
ফুরকান দাবি করেন, অন্যায়ের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্ট করা হয় এবং নির্যাতন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, “আমাদের ৪টি দাবি। প্রথমত, অভিযুক্ত দুইজন রেলের কর্মীকে আমাদের সামনে হাজির করতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং চতুর্থত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন নিয়মিত থামাতে হবে, যাতে তারা ট্রেনে যাতায়াত করতে পারেন।”
পশ্চিমাঞ্চল রেলের জিএম ফরিদ আহমেদ বলেন, “আমরা সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে এক দফা আলোচনায় বসেছি। এরই মধ্যে সরকারের বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের সাসপেন্ড করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, জনদুর্ভোগ লাঘবে তারা রেল চলাচল স্বাভাবিক করবেন এবং আমাদের পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে।”