চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২৩:০২ পিএম
সিটি মেয়র ও নগর পুলিশ কমিশনারের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর ৪৮ ঘণ্টার ‘লকআউট’ কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (২০ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে সংগঠনের কয়েকটি দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। সিটি মেয়রও একই ধরনের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এ প্রেক্ষিতেই আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কর্মসূচি স্থগিত হওয়ায় স্বস্তি ফিরেছে বন্দর ব্যবহারকারী, আমদানি-রপ্তানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। কারণ চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার, ভারী পণ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি পরিবহনে প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেডের বিকল্প নেই। কর্মসূচি চললে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা ছিল।
এর আগে প্রাইম মুভার ট্রেইলার, ফ্লাটবেড, লো বেড, সেমি লো বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্টের ওপর অগ্রিম আয়কর বৃদ্ধি বন্ধসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লকআউটের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
দাবিগুলোর মধ্যে রয়েছেÑ সড়ক পরিবহন আইন-২০১৮-এর অসামঞ্জস্যপূর্ণ ধারা সংশোধন, সরকারি নীতিমালার মাধ্যমে ভাড়া নির্ধারণ, বিআরটিএর নিবন্ধন জটিলতা নিরসন, পুলিশি হয়রানি বন্ধ, কর-ভ্যাট ও ফি সহজীকরণ, অগ্রিম আয়কর কমানো, ভারী লাইসেন্স প্রদান, ওজন নিয়ন্ত্রণে একক নীতিমালা, চাঁদাবাজি বন্ধ এবং বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল স্থাপন।