নড়াইল ও কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:১১ পিএম
প্রতিকী ছবি
নড়াইল সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
অন্যদিকে কুষ্টিয়া প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে আটকে রেখে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার বিকালে নিখোঁজ হয় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মফিজুর রহমানের মেয়ে জান্নাতুল। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী রবিউল শিকদারের ঘরের ভেতর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিবারের দাবি, প্রতিবেশি আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার খাবারের প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে তার ঘরে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে তাকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. আসিফ আকবর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জড়িত ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অপরদিকে, প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে আটকে রেখে এক নারীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী। সোমবার স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে (২৪) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, দৌলতপুর উপজেলার লক্ষীখোলা গ্রামের বাসিন্দা রাফিউজ্জামান রবিন কৌশলে ভুক্তভোগী ওই নারীকে জেলা শহরের আড়ুয়াপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ছাত্রাবাসে নিয়ে আসেন। গত চার দিন ধরে তাকে ওই ছাত্রাবাসে জিম্মি করে রাখে রবিন ও তার সহযোগীরা।
ভুক্তভোগীর অভিযোগ, চার দিন ধরে তাকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করা হয়েছে। তার পরিচয় গোপন করতে ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ফেলেছে তারা। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।