× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক

রাজশাহী অফিস

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:০০ পিএম

রাজশাহী শহরজুড়ে সবুজের সমারোহ থাকলেও পদ্মা তীরবর্তী শিমলা পার্ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী শহরজুড়ে সবুজের সমারোহ থাকলেও পদ্মা তীরবর্তী শিমলা পার্ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী শহরজুড়ে সবুজের সমারোহ থাকলেও পদ্মা তীরবর্তী শিমলা পার্ক এলাকার সবুজটা যেন একটু আলাদা। এ এলাকার সবুজটা মনে হয় অনেক বেশি মায়াবী। সর্বত্র বিস্তৃত ঘন সবুজ গাছপালায় আচ্ছাদিত শিমলা পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, এটি বিভিন্ন প্রজাতির পাখি ও বন্য প্রাণীরও প্রিয় আবাসস্থল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের তথ্য অনুযায়ী, বছরের অধিকাংশ সময় এখানে ২০০টিরও বেশি প্রজাতির পাখির সমাগম ঘটে। চখাচখি, কবুতর, ঘুঘু, কুবো, আবাবিল, টিটি, বাটান, পানকৌড়ি, গাঙচিল, বক, কাঠঠোকরা, ফিঙে, টিয়া, মাছরাঙা, শালিক, দোয়েল, মৌটুসি, খঞ্জনা, বুলবুলি, বেনেবউ, জলমুরগি, কোকিলসহ আরও অসংখ্য পরিচিত ও অপরিচিত দেশি-বিদেশি পাখি বিশেষ করে বর্ষা ও শীতকালে এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে খরগোশ, কাঠবিড়ালি, ইঁদুর, খাটাশ, গন্ধগোকুল, মেছোবিড়াল, বেজি, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির বাদুড়সহ ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। পাশাপাশি রয়েছে ২৪ প্রজাতির সরীসৃপ। যেমন কচ্ছপ, গিরগিটি, টিকটিকি, বিভিন্ন প্রজাতির সাপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণী।

এ সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্ব বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্য প্রাণী উপদেষ্টা পরিষদের সর্বশেষ ৪১তম সভায় রাজশাহী জেলার পদ্মাচরের শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়বিলা বিল এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আওতাধীন বাবুডাইং পর্যটন ও পিকনিক স্পটকেও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

শিমলা পার্কের বিজিবি ক্যাম্পসংলগ্ন অংশ থেকে জেলা প্রশাসকের বাংলোসংলগ্ন শহর রক্ষা বাঁধ পর্যন্ত প্রায় ১৭ একর এলাকা এই বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। জীববৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহীর মতো একটি দ্রুত বর্ধনশীল নগরের মধ্যে এমন একটি প্রাকৃতিক আশ্রয়স্থল সংরক্ষিত হলে পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি গবেষণা, শিক্ষা এবং পর্যটনের নতুন সম্ভাবনাও সৃষ্টি হবে। 

বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, বিরল উদ্ভিদ-প্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ৮ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় রাজশাহীর সর্বসাধারণের প্রতি বিশেষ জীববৈচিত্র্য সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করছেন রাজশাহীর মো. আতিক রহমান। তিনি জানান, পদ্মা তীরবর্তী এই এলাকা সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আর সরকারকেও বিষয়টি তদারকি করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা