দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২১:৫৫ পিএম
প্রতিকী ছবি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী ফারজানা (৯) কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তিনি কাশিবাটি গ্রামের খান ইমামুলের মেয়ে। গণপিটুনিতে নিহত সুমা বেগম স্থানীয় ঝালমুড়ি বিক্রেতা আমিরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে ফারজানা স্কুলে যায়। টিফিনের সময় স্কুলের বিপরীতে থাকা একটি ঝালমুড়ির দোকানে গেলে সুমা বেগম তাকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, ফারজানার কানে থাকা এক জোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার হাত-পা ও মুখ বেঁধে একটি ওয়ারড্রবের ভেতরে আটকে রাখা হয়। পরে তাকে হত্যা করে মরদেহ একই ওয়ারড্রবের মধ্যে লুকিয়ে রাখা হয়।
এদিকে টিফিন শেষে ফারজানা শ্রেণিকক্ষে ফিরে না আসায় শিক্ষক ও পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল থেকে সুমা বেগমকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। এ সময় ঘটনাস্থলে কালীগঞ্জ থানা-পুলিশও উপস্থিত ছিল। সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা সুমা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ারড্রবের ভেতর থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা সুমা বেগমকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে কালীগঞ্জ থানার পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে ফারজানা ও সুমা বেগমের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।