আদালতের রায়
খুলনা অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২১:১৮ পিএম
খুলনা সিটি করপোরেশন ভবন। ছবি: সংগৃহীত
উচ্চ আদালতের রায়ে বরখাস্তকালীন সময়ের পূর্ণ বেতন-ভাতা পাওয়ার সুযোগ না থাকলেও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তিন কর্মকর্তা সেই সময়ের প্রায় ৫২ লাখ টাকা গ্রহণ করেছেন। অর্থ ছাড়ের ক্ষেত্রে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কেসিসির প্রশাসনিক মহলে কথা উঠেছে।
কেসিসি সূত্রে জানা যায়, ২০০৭ সালে তৎকালীন মেয়র শেখ তৈয়েবুর রহমান গ্রেপ্তার হওয়ার পর কেসিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, অ্যাসেসর শেখ হাফিজুর রহমান এবং বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ২০০৮ সালে তাদের চাকরি স্থগিত করা হয় এবং পরে ২০১৩ সালে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।
বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালত তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। তবে রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পুনর্বহাল মানেই বরখাস্তকালীন সময়ের পূর্বের বেতন-ভাতা পাওয়ার অধিকার সৃষ্টি করে না। আদালত বলেন, ওই সময়ের জীবিকা নির্বাহ ভাতা বা অন্য কোনো সুবিধা দেওয়া হবে কি না, সে বিষয়ে কেসিসি পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে।
রায়ের পর প্রায় নয় বছর ধরে বরখাস্তকালীন সময়ের অর্থ পরিশোধ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই ওই তিন কর্মকর্তা বরখাস্তকালীন সময়ের মোট প্রায় ৫২ লাখ টাকা উত্তোলন করেন। এর মধ্যে দুজন প্রায় ১৭ লাখ টাকা করে এবং অপরজন প্রায় ১৮ লাখ টাকা পান।
ঘটনাটি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, আদালতের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা না করেই কীভাবে সরকারি কোষাগার থেকে এই অর্থ ছাড় করা হলো। দীর্ঘদিন ঝুলে থাকা বিষয়টি হঠাৎ কার্যকর হওয়ার পেছনে কী কারণ ছিল, সেটিও এখন আলোচনায়।
ওই সময় কেসিসির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানিয়েছিলেন, অর্থ পরিশোধের সময় আদালতের পূর্ণাঙ্গ রায় বিবেচনায় নেওয়া হয়নি। বরং সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের একটি পত্রের ভিত্তিতে বরখাস্তকালীন সময়ের অর্থ পরিশোধ করা হয়।
এ তথ্য সামনে আসার পর প্রশাসনিক মহলে নতুন প্রশ্ন উঠেছে, একটি প্রশাসনিক পত্র কি আদালতের নির্দেশনার বিকল্প হতে পারে? আদালতের রায়ের ব্যাখ্যা যাচাই ছাড়া সরকারি অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কার ছিল, সেটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
এদিকে অভিযুক্ত তিন কর্মকর্তার মধ্যে ইতোমধ্যে দুজন অবসরে গেছেন। ফলে অনিয়ম প্রমাণিত হলে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায় করা সম্ভব হবে কি না, তা নিয়েও আইনি প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ অস্বীকার করে বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার বলেন, আদালতের রায়ে কেসিসিকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা অর্থ পেয়েছি। বিষয়টিকে অযথা বিতর্কিত করা হচ্ছে। আমরা প্রতিহিংসার শিকার হচ্ছি।
আইন বিশেষজ্ঞদের মতে, পুরো বিষয়টির নিষ্পত্তি নির্ভর করছে অর্থটি কোন খাতে দেওয়া হয়েছে তার ওপর। যদি তা আদালতের নিষিদ্ধ করা পূর্ণ বেতন হিসেবে দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি আইনি প্রশ্নের মুখে পড়বে। আর যদি আদালতের অনুমোদিত জীবিকা নির্বাহ ভাতা বা অন্য সুবিধা হিসেবে দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচিত হতে পারে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোনো ধরনের অন্যায়কে ছাড় দেওয়া হবে না। এ বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।