পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২০:৪৪ পিএম
পটুয়াখালী শহরে একটি হোটেলে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজি পান্না লিখিত বক্তব্য পাঠ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী গ্রামে গত ১৭ জুলাই রাতে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান লাবলু কাজীর একটি স্থাপনা ভাঙচুরের ঘটনায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে ভুল তথ্য ও সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
পটুয়াখালী শহরে একটি হোটেলে সোমবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজি পান্না লিখিত বক্তব্যে বলেন, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তিনি ওই স্থাপনা ভাঙচুর নিয়ে কোনো কিছুই জানেন না। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
তিনি ওই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় বিচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সরকারি জমিতে যদি বিএনপির কেউ স্থাপনা নির্মাণ করে থাকলে তার রিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট মো. তৌফিক আলী খান কবির, অ্যাডভোকেট শরিফ মো. সালাউদ্দীন, অ্যাডভোকেট মো. দুলাল হোসেন, অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, অ্যাডভোকেট মোহসিন উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।