শেরপুর জেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২০:৪০ পিএম
পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ব্রিজটি পানিতে বিলীন হয়ে যায়। ছবি: ভিডিও থেকে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি ব্রিজ মানুষসহ ভেসে গেছে।
উপজেলার নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে ব্রিজে থাকা লোকজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর ব্রিজটি ভেঙে ভেসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ব্রিজটি পানিতে বিলীন হয়ে যায়। এ সময় ব্রিজে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে প্রবেশ করেছে। এতে বাজারের দোকানপাট, সড়ক ও আশপাশের এলাকায় পানি উঠে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, “হঠাৎ পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর বেশ কয়েকটি জায়গায় পানি উঠে। আমি তাৎক্ষণিক তা পরিদর্শন করেছি”।
পানি উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী সন্ধ্যায় বলেন, “বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে আরও পাহাড়ি ঢল নামার বন্যার শঙ্কা রয়েছে। তবে ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে”।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “শেরপুরের পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলে পানি উঠেছে। তবে ঢলের পানি যেহেতু বেশিক্ষণ স্থায়ী থাকে না, তাই ক্ষতিও কম হয়। এ ছাড়া বন্যা নিয়ে আমাদের প্রস্তুতি নেওয়া আছে”।