× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ওপর হামলাসহ একাধিক গুরুতর অভিযোগ কৃষকলীগ নেত্রীর বিরুদ্ধে

খুলনা অফিস

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:৫৭ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ২০:১৪ পিএম

বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া একটি মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ দাবি করে প্রত্যাহারের আবেদন করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান।

আবেদনে তিনি দাবি করেছেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে আবেদনটি জেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের মধ্যে রয়েছে। জেলা কমিটির সুপারিশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুসন্ধানে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার কমিটির কাছে লিখিত আবেদন করেন হালিমা রহমান। আবেদনে তিনি উল্লেখ করেন, বিএনপিপন্থী রাজনৈতিক অবস্থানের কারণে তৎকালীন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য এস এম কামাল তাকে নিজ দলের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চাপ দেন। এতে রাজি না হওয়ায় জমি ও বাড়িঘর দখল এবং পুলিশের মাধ্যমে হয়রানিমূলক মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে খালিশপুর থানার পুলিশ দিয়ে তাকে ও তার স্বজনদের বিরুদ্ধে মামলা করানো হয়েছে। হালিমা রহমানের দাবি, ৫ আগস্টের পর থেকে মামলার বাদী ও সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে না আসায় ১৭ জন আসামিকে নিয়মিত হাজিরা দিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১১ জুলাই রাত ৯টার দিকে খালিশপুরের বাস্তহারা কলোনির ২ নম্বর সড়কে একটি চায়ের দোকানের সামনে মাহমুদুল হাসান নামে এক যুবককে পলাশ, মিনার, আবু সাঈদ ও জুয়েল হোসেন দীপুসহ কয়েকজন মারধর করেন। খবর পেয়ে মাহমুদুলকে উদ্ধার করতে গেলে তার খালা চম্পা আক্তারও হামলা ও শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তভার পান উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ রহমান। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাস্তহারা কলোনির ৪ নম্বর সড়কে হালিমা রহমানের মালিকানাধীন ভবনে আশ্রয় নেয় এবং ভবনের গেট বন্ধ করে দেয়। 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভবনের দারোয়ান গেট খুলতে অস্বীকৃতি জানালে সদস্যরা কৌশলে ভেতরে প্রবেশ করেন। অভিযুক্তদের ধরতে লিফটে করে অষ্টম তলায় ওঠার সময় ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম এ গুলশান, তৎকালীন ওসি মো. আনোয়ার হোসেনসহ কয়েকজন কর্মকর্তা পঞ্চম ও ষষ্ঠ তলার মাঝামাঝি লিফটের ভেতরে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট আটকা পড়েন। পরে তারা নিজেরাই লিফটের দরজা খুলে বের হন।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃত পলাশ, মিনার ও আবু সাঈদকে নিয়ে পুলিশ বের হওয়ার সময় হালিমা রহমান কয়েকজন হিজড়াসহ ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষকে নিয়ে পুলিশকে ঘিরে ফেলেন। পরে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নর্থ) সোনালী সেন অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করেন। হামলায় আহত ছয় পুলিশ সদস্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় মুদি দোকান পরিচালনা করা হালিমা রহমান রাজনৈতিক প্রভাব বাড়ার পর বিপুল সম্পদের মালিক হন। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে। 

অভিযোগের বিষয়ে হালিমা রহমান বলেন, মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছি। তবে সেটি অনুমোদন হয়েছে কি না, এখনো জানি না। আমাদের পরিবারের অধিকাংশ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সাবেক এমপি রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে মামলা করিয়েছেন। তাই রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের আবেদন করেছি।

কৃষক লীগের কেন্দ্রীয় পদ পাওয়ার বিষয়ে তিনি বলেন, ছাদ কৃষিতে অবদানের জন্য আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। এরপর কৃষক লীগের পক্ষ থেকে যোগাযোগ করে আমাকে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে সেই পদ প্রত্যাহার করে নেওয়া হয়।

খুলনা জেলা প্রশাসনের জুডিশিয়াল মুন্সিখানার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব বলেন, আবেদনের বিষয়ে পাবলিক প্রসিকিউটরের মতামত পাওয়া গেছে। এখন কেএমপির মতামত পাওয়া যাবে। এরপর বিষয়টি জেলা কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখান থেকে সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়ে এ পর্যন্ত ৩২৮টি মামলায় মতামত দিয়েছি। আরও ১৮টি মামলার মতামত দেওয়া বাকি রয়েছে। সাত কর্মদিবসের মধ্যে মতামত দিতে বলা হলেও তিন থেকে চার কর্মদিবসের মধ্যেই কাজ শেষ করছি। হালিমা রহমানের আবেদন সম্পর্কে নির্দিষ্ট মন্তব্য করতে হলে নথি দেখতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১-এর প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের গণ-আন্দোলনের পর ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটি এসব আবেদন যাচাই-বাছাই করছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা