ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম
মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার তিনবারের সফল মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার দুপুর ১২টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় নিজ বাসভবনে
বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম
আক্কাছ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তিনি ছিলেন অবিবাহিত। স্ত্রী সন্তান না থাকলেও অসংখ্য গুণগ্রাহী
রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব পৌর ঈদগাহ মাঠে গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত
হয়। জানাজা শেষে পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ১৯৪৫ সালে ১ জানুয়ারি ভৈরবপুর উত্তরপাড়া
গ্রামে কাদির ব্যপারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মো. নোয়াজ মিয়া ও মাতা মৃত
হালেমা খাতুন। পরিবারে তার ৩ ভাই ও ৬ বোন রয়েছে।
জানা যায়, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ তিনবার পৌরসভার মেয়রের দায়িত্ব
পালন করেছিলেন। তার হাতেই ভৈরব পৌরসভার ব্যাপক উন্নয়ন হয়েছে। মুক্তিযুদ্ধে তার অপরিসীম
ভূমিকার রয়েছে। একজন সফল মেয়রের মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। দলমতনির্বিশেষে
ভৈরবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।