গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:০২ পিএম
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী মো. শাহজাহান মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘জীবিত অবস্থায়ই যদি টাকা না পেলাম, তবে মৃত্যুর পর সেই টাকা আমার কী কাজে লাগবে?’Ñ আবেগাপ্লুত কণ্ঠে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী মো. শাহজাহান মিয়া।
অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে দীর্ঘ অপেক্ষা এবং পর্যাপ্ত তহবিলের অভাবে এমপিওভুক্ত হাজারো অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী চরম অসহায়ত্বের শিকার হচ্ছেন। চিকিৎসার অর্থ না পেয়ে প্রবীণদের দীর্ঘ অপেক্ষার এই মানবিক সংকট দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে চললেও অপেক্ষা যে আর তর মানছে না বেলা শেষে।
জানা গেছে, তিনি ১৯৮৩ সালে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজে দপ্তরি হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৪ সালের আগস্ট মাসে অবসরে গেলেও সরকারি পাওনা হিসেবে অবসর ভাতা ও কল্যাণ ভাতার একটি টাকাও এখনও হাতে পাননি তিনি। প্রায় দুই বছর ধরে অপেক্ষার প্রহর গুনতে গুনতে চরম অর্থকষ্টে দিন কাটছে বাষট্টি বছরের প্রবীণ কর্মচারীর। অবসরের পর নিয়ম অনুযায়ী ২০২৪ সালের ২৩ অক্টোবর অবসর ভাতা ও কল্যাণ ভাতার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ অনলাইনে আবেদন করেন শাহজাহান মিয়া। কিন্তু আবেদন করার প্রায় দুই বছর পার হলেও এখনও কোনো অর্থ ছাড় হয়নি। তার অভিযোগ, ফাইলটি এখনও সংশ্লিষ্ট দপ্তরে আটকে রয়েছে।
প্রতিষ্ঠান প্রধান মো. মাহফুজুর রহমান বলেন, ‘শাহজাহান মিয়া নিয়ম অনুযায়ী অবসরে গেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাসময়ে অনলাইনে সফলভাবে জমা দেওয়া হয়েছে। তবে বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। সরকার দ্রুত তাদের অবসর ও কল্যাণ ভাতার অর্থ ছাড় করলে তারা অনেক উপকৃত হবেন।’ এ অবস্থায় মানবিক বিবেচনায় দ্রুত শাহজাহান মিয়ার অবসর ও কল্যাণ ভাতার অর্থ ছাড় দিয়ে তার দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী।