ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৮:৫৬ পিএম
ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে সাদা কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি ভৈরব থানায় জিডি করেছেন।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার ফাতান হোমিও চিকিৎসালয়ের ঠিকানায় পার্সেলটি পাঠানো হয়। প্রতিষ্ঠানটি মো. ফারুকের স্ত্রীর মালিকানাধীন। ভৈরবের এসএ পরিবহন শাখা থেকে পাঠানো ওই পার্সেলের প্রেরক হিসেবে ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নম্বর (০১৭৩৮৮-৩৩৩২৯) উল্লেখ করা হয়। আর প্রাপক হিসেবে মো. ফারুকের নাম ও তার ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়।
ওই দিন পৌর নির্বাহী কর্মকর্তা অফিসের কাজে ব্যস্ত থাকায় তার ছেলে মুন্তাসির মাহমুদ ঈশান দুপুর সোয়া ১২টার দিকে পার্সেলটি রিসিভ করেন। পরে বাসায় গিয়ে বাক্সটি খুললে তার মধ্যে ১ গজ সাদা কাফনের কাপড়, ১টি গোলাপ জল, ১টি আগরবাতি এবং হুমকিভরা একটি চিরকুট দেখতে পান। চিরকুটে লেখা ছিল আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক বলেন, আমি চার বছরেরও বেশি সময় ধরে ভৈরব পৌরসভায় সততা, নিষ্ঠা ও নিয়মকানুন মেনে দায়িত্ব পালন করে আসছি। পৌরসভার কোনো কাজে বিধিবহির্ভূত আবদারকে প্রশ্রয় দিইনি। সরকারি বিধি রক্ষায় আমাকে সবসময় কঠোর অবস্থান নিতে হয়েছে। ধারণা করছি, আমার এই কঠোর ও আপসহীন ভূমিকার কারণে কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র আমার ওপর ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে। একটি মানুষকে সরাসরি কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি পাঠানোর মতো ঘটনা আমার পরিবারকে মানসিকভাবে আতঙ্কিত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে পার্সেল পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনায় তিনি থানায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। পার্সেলের প্রেরক ও মোবাইল নম্বরের সূত্র ধরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।