ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৭:৪৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৮:০৯ পিএম
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফিরে সুমন হোসেন নামে এক ভ্যানচালকের আত্মহত্যা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সুমন হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষি ক্লাব এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক
এবং দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা ও
স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন সুমন। খেলা শেষে ভোরের দিকে
বাড়ি ফিরে নিজ কক্ষে যান।
কিছুক্ষণ পর তার স্ত্রী জেমি খাতুন ঘুম থেকে উঠে শয়নকক্ষের বাঁশের
আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে
দড়ি কেটে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমনের বন্ধু রিপন আলী জানান, তিনি আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক
ছিলেন। ফাইনাল ম্যাচ উপলক্ষে বন্ধুদের জন্য নিজ উদ্যোগে খাবারের আয়োজনও করেছিলেন। একসঙ্গে
খেলা দেখার পর এমন মর্মান্তিক ঘটনার কথা কেউ কল্পনাও করতে পারেননি।
নিহতের বাবা আফজাল হোসেন বলেন, ছেলে বাড়িতে ফেরার সময় তিনি মাঠে যাচ্ছিলেন।
কিছুক্ষণ পর স্বজনদের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পান।
স্থানীয় কয়েকজনের দাবি, আর্জেন্টিনার পরাজয়ে সুমন মানসিকভাবে ভেঙে
পড়েছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।