× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারিকরণের চার দশকেও শিক্ষক বাড়েনি চার কলেজে

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৭:২৭ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৭:৪৩ পিএম

বগুড়ার সান্তাহার সরকারি কলেজ। ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহার সরকারি কলেজ। ছবি: সংগৃহীত

বগুড়া উপজেলা পর্যায়ের পাঁচটি বেসরকারি কলেজ প্রায় চার দশক আগে সরকারি করা হলেও চারটি কলেজে নতুন করে শিক্ষকের কোনো পদ সৃষ্টি করা হয়নি। এর মধ্যে একটি কলেজকে এখনও স্নাতক পর্যায়ে উন্নীত করা হয়নি।

অন্য তিনটি কলেজে স্নাতক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার সুযোগ নেই। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত শিক্ষক পদ সৃষ্টি ও শূন্য পদ পূরণ না করলে কলেজগুলো কার্যত ভবনসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হবে। 

একটিতে পদ বাড়লেও অন্যটিতে নয়

১৯৮৪ সালের ১ নভেম্বর বগুড়া শহরের বনানী এলাকার শাহ্ সুলতান কলেজ এবং সোনাতলা উপজেলা সদরের নাজির আখতার কলেজ সরকারি করা হয়। সরকারি হওয়ার সময় শাহ্ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১৬টি বিষয়ে পাঠদান হতো। শিক্ষকের পদ ছিল ৩৭টি। পরে তিন দফায় আরও ২৭টি পদ সৃষ্টি করা হয়। বর্তমানে শিক্ষক পদের সংখ্যা ৬৪। এ ছাড়া ১৪টি বিষয়ে অনার্স কোর্সও চালু হয়েছে।

অন্যদিকে একই দিনে সরকারি হওয়া নাজির আখতার কলেজে গত ৪২ বছরে নতুন করে শিক্ষকের একটি পদও সৃষ্টি হয়নি। অধ্যক্ষসহ মোট ৩৩টি পদের মধ্যে ১০টি পদই শূন্য, যা মোট পদের প্রায় ৩০ শতাংশ। কলেজটির অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর কাদের জানান, শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সারোয়ার জাহান অনীক, বলেন, শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোজাফফর হোসেন বলেন, শিক্ষক সংকটের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো ও একাডেমিক সুযোগ-সুবিধার ঘাটতিও রয়েছে।

তালোড়ায় ৩৮ বছরেও স্নাতক চালু হয়নি

তালোড়া সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজ ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালের ৩১ মার্চ কলেজটি সরকারি করা হয়। কিন্তু সরকারি হওয়ার ৩৮ বছর পরও কলেজটি স্নাতক পর্যায়ে উন্নীত হয়নি। বর্তমানে কলেজটিতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। তবে তাদের অনেকেই নিয়মিত ক্লাস করেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন ইবনে সালাম বলেন, স্নাতক পর্যায়ে উন্নীত না হওয়ায় শিক্ষার্থীদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

গাবতলীতে ৯ বিষয়েই শিক্ষক নেই

১৯৭২ সালে প্রতিষ্ঠিত গাবতলী কলেজ ১৯৯২ সালে সরকারি হয়। কলেজটিতে ১৪টি বিষয়ে পাঠদান করা হলেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের কোনো পদ সৃষ্টি করা হয়নি। সহকারী অধ্যাপকের পদ রয়েছে মাত্র তিনটি। প্রভাষকের পদ রয়েছে ১৮টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র পাঁচজন।

সহকারী অধ্যাপক ও প্রভাষকের ২১টি পদের মধ্যে ১০টিই শূন্য। অর্থনীতি, ইংরেজি, পদার্থবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানসহ নয়টি বিষয়ে কোনো শিক্ষক নেই।

কলেজটিতে অনার্স কোর্স চালু করা যায়নি। স্নাতক পর্যায়ে শুধু ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) চালু রয়েছে। ব্যাচেলর অব আর্টস (বিএ) ও ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) চালু নেই। কলেজটিতে ১ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে উচ্চমাধ্যমিকে ১ হাজার ৫১৯ জন এবং বিএসএসে ৩৫৯ জন পড়ছেন।

সান্তাহারে শিক্ষার্থী কমেছে

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সান্তাহার কলেজ ১৯৮৮ সালের ৩১ মার্চ সরকারি করা হয়। অধ্যক্ষসহ মোট ৩৫টি শিক্ষকের পদের মধ্যে সাতটি শূন্য। নানা চেষ্টা করেও অনার্স কোর্স চালু করা যায়নি। এর প্রভাব পড়েছে শিক্ষার্থী ভর্তিতে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একসময় শুধু স্নাতক পর্যায়েই কলেজটিতে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি হতেন। বর্তমানে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ২০০। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব বলেন, উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো না গেলে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হবে।

এসব বিষয়ে শিক্ষাবিদরা বলছেন, সরকারি করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব কলেজে প্রয়োজনীয় শিক্ষক পদ সৃষ্টি না করা শিক্ষা ব্যবস্থাপনার বড় দুর্বলতা। 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, কলেজগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের পাশাপাশি কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়াতে হবে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এসব কলেজে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং কর্মমুখী শিক্ষা বিস্তারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা