মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৫:৪৩ পিএম
মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান সোমবার সকাল ১১টার দিকে আসামি হাসান শেখের মৃত্যুদণ্ডের রায় দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চার বছর আগে মাগুরার শ্রীপুরে স্কুলছাত্রী রাজিয়া খাতুনকে (১৫) ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় আসামি হাসান শেখকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান সোমবার সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৭ মার্চ বিকালে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া স্কুল থেকে বাড়ি ফিরে পাশের রসুনক্ষেতের দিকে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন দুপুরে কুমার নদের তীরবর্তী একটি পেঁপে বাগানের পাশের বাঁশঝাড়ের নিচে রাজিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা মিকিজ শেখ ১৯ মার্চ শ্রীপুর থানায় মামলা করেন।
এজাহারে তিনি অভিযোগ করেন, রাজিয়াকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে।
দীর্ঘ তদন্তে সংগৃহীত আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন।
রায়ের পর নিহতের মা ছবিরন নেছা বলেন, চার বছর ধরে বিচারের অপেক্ষায় ছিলেন তারা। আদালতের রায়ে সন্তুষ্ট হলেও দ্রুত তা কার্যকরের দাবি জানান তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন বাবলু জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে।