বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড
মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৩:৫০ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬ ১৩:৫০ পিএম
বহিষ্কৃত মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর হত্যা মামলায় জনতার হাতে আটক হেলালের প্রাথমিক জবানবন্দিতে মোকাররম হোসেন খোকার নাম উঠে এসেছে। এছাড়া, মামলার তিন আসামি খোকার স্বজনদের বাড়িতে তিন দিন অবস্থান করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, অভিযোগ ওঠার পরও খোকা সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। বরং তিনি আত্মগোপনে রয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো সংগঠনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
এর আগে রবিবার কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোকাররম হোসেন খোকাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নওশাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কারও বিষয়ে সংগঠন কোনো ধরনের ছাড় দেবে না।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলালকে আটক করেন। স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল, মোকাররম হোসেন খোকার নাম উল্লেখ করেন। এরপর থেকেই খোকা আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে হেলাল, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে শাহিন আলম ওরফে শাকিলকে গ্রেপ্তার করে।
পরে নিহত জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।