বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৩:৪৮ পিএম
নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে
যশোরের শার্শায় মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ ইসলাম (৩৫) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে উষা রহমান (৩০)। আহত যুবকের নাম রুবেল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টার দিকে তিন যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নাহিদ ও উষা।
তারা জানান, গুরুত্বর আহত রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শার্শা থানা পুলিশ নিহত নাহিদ ও উষার মরদেহ উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের মর্গে পাঠান।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, স্থানীয় জনতা ট্রাক্টরটি জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পালিয়ে গেছে চালক ও তার সহকারী। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।