মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১০:১৭ এএম
টাঙ্গাইলের মধুপুর শালবনের বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে বনাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর পাঁচটি ক্যানোপি ব্রিজ নির্মাণ করেছে বন বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুর শালবনের বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে বনাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর পাঁচটি ক্যানোপি ব্রিজ নির্মাণ করেছে বন বিভাগ।
এই ‘সবুজ সেতু’ ব্যবহার করে বানর, হনুমান, কাঠবিড়ালি ও লজ্জাবতী বানরসহ বিভিন্ন প্রাণী মাটিতে না নেমেই এক গাছ থেকে অন্য গাছে যেতে পারবে।
ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি কমার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
মধুপুর শালবনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের ফলে অনেক স্থানে গাছের প্রাকৃতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে খাদ্য সংগ্রহ, আশ্রয় পরিবর্তন কিংবা প্রজননের জন্য গাছবাসী প্রাণীদের বাধ্য হয়ে সড়কে নামতে হয়। দ্রুতগতির যানবাহনের ধাক্কায় প্রায়ই এসব প্রাণী দুর্ঘটনার শিকার হয়।
এই বাস্তবতা বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত ক্যানোপি ব্রিজ প্রযুক্তি এবার যুক্ত হলো মধুপুর বনেও।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মহসীন জানান, প্রাণীদের চলাচলের পথ ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্লেষণ করে বনাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে ক্যানোপি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, শক্তিশালী দড়ি, ইস্পাতের তার ও বিশেষ জালের সমন্বয়ে তৈরি এসব সেতু গাছের চূড়ার উচ্চতায় স্থাপন করা হয়েছে, যাতে প্রাণীরা স্বাভাবিক পরিবেশের মতোই নিরাপদে চলাচল করতে পারে।
শুরুতে প্রাণীরা নতুন পথ ব্যবহারে কিছুটা সময় নিলেও বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা গেছে, অল্প সময়ের মধ্যেই তারা এসব সেতুকে নিয়মিত চলাচলের পথ হিসেবে গ্রহণ করে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ কারণে ব্রিজগুলোর কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন হলে ক্যামেরা ট্র্যাপ বসিয়ে প্রাণীদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বন মধুপুর শালবনে রেসাস বানর, হনুমান, লজ্জাবতী বানর, কাঠবিড়ালি, নানা প্রজাতির পাখি, সরীসৃপ ও ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীর আবাস।
তবে বনভূমির মধ্য দিয়ে যানবাহনের চাপ বাড়ায় বিশেষ করে সকাল ও বিকেলে খাদ্যের সন্ধানে চলাচলের সময় প্রাণীগুলো দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।
স্থানীয় কয়েকজন পরিবেশবাদীর মতে, ক্যানোপি ব্রিজ নির্মাণ একটি সময়োপযোগী উদ্যোগ। তবে এর পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, চালকদের সচেতন করা এবং বনাঞ্চলে অনিয়ন্ত্রিত যান চলাচল কমানোর উদ্যোগও জরুরি।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, প্রায়ই বানরসহ বিভিন্ন প্রাণী রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। ক্যানোপি ব্রিজ চালু হলে এমন দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে কথা হয় কয়েকজন বন্যপ্রাণী গবেষকের সঙ্গে।
তাদের বলেন, ক্যানোপি ব্রিজ শুধু দুর্ঘটনা কমায় না, বিচ্ছিন্ন বনাঞ্চলের মধ্যে সংযোগ তৈরি করে প্রাণীদের খাদ্য সংগ্রহ, প্রজনন ও জিনগত বৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাদের মতে, ক্যানোপি ব্রিজের পাশাপাশি আন্ডারপাস, ওভারপাস, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও কার্যকর সতর্কীকরণ ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
মধুপুর বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি ক্যানোপি ব্রিজের কার্যকারিতা ইতিবাচক হলে ভবিষ্যতে বনাঞ্চলের আরও ঝুঁকিপূর্ণ স্থানে এ ধরনের সেতু নির্মাণ করা হবে
সংশ্লিষ্টদের আশা, স্থানীয় জনগণের সহযোগিতা, সচেতনতা ও নিয়মিত তদারকির মাধ্যমে এই উদ্যোগ সফল হবে এবং দেশের অন্যান্য বনাঞ্চলেও এমন ব্যবস্থা সম্প্রসারণের পথ খুলে যাবে।