× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২২:৪৫ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ২২:৪৭ পিএম

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। ছবি: কনক সরকার

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। ছবি: কনক সরকার

জেলা প্রশাসনের সমন্বয় সভায় রবিবার বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম অনুমোদন করা হয়েছে।

গণশুনানির ভিত্তিতে এ দিন সভায় নামগুলো অনুমোদন দিয়ে রেজল্যুশন আকারে লিপিবদ্ধ করা হয়, যা সোমবার পাস হওয়ার পর প্রস্তাব আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে বেতগাড়ী ইউনিয়ন করা হয়েছে। আর মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন নাম জগন্নাথপুর ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল ইউনিয়ন রাখা হয়েছে।  

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘রবিবার জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। বিষয়টি রেজল্যুশন আকারে লিপিবদ্ধ করা হয়েছে। আগামীকাল রেজল্যুশন পাস হলে প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।’

গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।

এরপর বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তবে তখন মীর শাহে আলম নামগুলো তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিলে যাওয়াকে ‘কাকতালীয়’ বলে দাবি করেছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার ওই ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা