নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২২:১৬ পিএম
নাটোরের লালপুরে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের লালপুর উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে লাম্পি স্কিন ডিজিজ। গত এক মাসে এ রোগে সেখানে ২১ হাজার গরু আক্রান্ত হয়েছে ও ৪০টি গরু মারা গেছে।
সরকারিভাবে বরাদ্দকৃত টিকার স্বল্পতা, পর্যাপ্ত চিকিৎসার অভাব ও দ্রুত সংক্রমণ এ পরিস্থিতির অন্যতম কারণ বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫০ হাজার ডোজ টিকার প্রয়োজন হলেও বরাদ্দের পরিমান খুবই কম। সর্বশেষ এক হাজার ডোজ টিকা বরাদ্দ পেয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় ২১ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ৪০টি গরুর মৃত্যু হয়েছে।
এদিকে ঋণের বোঝা মাথায় নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন শত শত ক্ষুদ্র খামারি। উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর গ্রামের ক্ষুদ্র খামারি ও দিনমজুর মো. ফিরোজ আলী জানান, একসময় তার পাঁচটি গরু ছিল। লাম্পি রোগের কারণে লোকসানে সেগুলো বিক্রি করে তিনটি নতুন গরু কেনেন। কিন্তু এর মধ্যে একটি গরুর তিন মাস বয়সী বাছুরটি ২৭ দিন ধরে লাম্পি রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে।
তিনি অভিযোগ করেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করেও কোনো কার্যকর চিকিৎসা পাননি। তার দাবি, সময় মতো সরকারি টিকা পাওয়া গেলে এত ক্ষতি হতো না।
স্থানীয় পল্লী চিকিৎসক মোসলেম উদ্দিন জানান, শুধু বিলমাড়িয়া ইউনিয়নেই গত এক মাসে ৪৫ থেকে ৫০টি গরু মারা গেছে এবং প্রায় সাড়ে তিন হাজার গরু আক্রান্ত হয়েছে। স্থানীয়দের দাবি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসাবের চেয়ে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, লালপুরে মোট গরুর সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৪২২টি। এর মধ্যে প্রায় ২১ হাজার গরু লাম্পি রোগে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিলমাড়িয়া ইউনিয়ন, যেখানে প্রায় সাড়ে তিন হাজার গরু আক্রান্ত।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ জানান, উপজেলায় লাম্পি রোগের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত টিকার স্বল্পতার কারণে এই রোগের সংক্রমন বেড়েছে। এ ছাড়া টিকা নিতে খামারিদের অনিহা আরেকটি কারণ। উপজেলায় চাহিদার তুলনায় সরকারিভাবে বরাদ্ধকৃত ভ্যাকসিনের পরিমাণ কম থাকায় পর্যাপ্ত টিকা দেওয়াও সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘সর্বশেষ মেয়াদে আমরা এক হাজার টিকা বরাদ্দ পেয়েছিলাম, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফলে বাধ্য হয়ে খামারিরা বেসরকারি টিকা নিতে বাধ্য হচ্ছেন। প্রতিটি সরকারি ডোজের মূল্য যেখানে ৫০টাকা, সেখানে বেসরকারি ডোজের মূল্য ২২০-২৩০টাকা। এতে করে খামারীদের অনিহা বাড়ছে। তবে বৃষ্টিপাত হলে এই রোগের সংক্রমণ অনেক কমে যায়।’