খুলনায় দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে কেএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা।
একই সঙ্গে নগরীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রবিবার বিকালে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলোÑ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীতে কর্মরত সব সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, এ ঘটনার পর খুলনার সাংবাদিক সমাজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অতীতে সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, শেখ বেলাল উদ্দিন, হারুন অর রশীদ খোকনসহ খুলনায় নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দুর্বল তদন্ত ও ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে অতীতের অনেক মামলায় আসামিরা পার পেয়ে গেছে বলেও উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।