চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:২৩ পিএম
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক টানা বৃষ্টিতে নগরীর সড়কে সৃষ্ট জলবদ্ধতায় ক্ষয়ক্ষতি দ্রুত সংস্কারে নাগরিকদের দুর্ভোগ লাঘবের নির্দেশ দিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে সৃষ্ট জলবদ্ধতায় ক্ষয়ক্ষতি দ্রুত মেরামত করে নাগরিকদের দুর্ভোগ লাঘবের নির্দেশ দিয়েছেন।
রবিবার নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে বৃষ্টি-পরবর্তী সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন মেয়র।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সাম্প্রতিক টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কার করে নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সংস্কার কাজে বিলম্ব করা যাবে না।’
তিনি বলেন, সড়ক সংস্কারের পাশাপাশি নগরীর সৌন্দর্যবর্ধনেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ লক্ষ্যে নগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে ১০ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া
হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ
করার নির্দেশ দেন তিনি।