গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:০৪ পিএম
গাজীপুরে বিয়ে বাড়িতে উৎসবের নামে মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে বিয়ে বাড়িতে উৎসবের নামে মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে একজন ও বিকেলে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।
নিহতরা হলেনÑ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে সজিব (২২) ও একই উপজেলার হাড়োয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে রনি (২০)।
সজিব কোনাবাড়ী থানার বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিটেকনিকেলে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, গত ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তারা মদ পান করেন। পরের দিন সকাল থেকে অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খান। কিন্তু তাতে কোনো উন্নতি না হওয়ায় কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর ৪টার দিকে প্রথমে সজিব এবং বিকাল সাড়ে ৪টার দিকে রনি মারা যান।
রনির নানী রেজিয়া খাতুন বলেন, রনি আমার কাছে থেকে পড়াশোনা করত। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। আমার নাতি এতটাই ভদ্র ছিল যে কোনো নেশা পানি করত না। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বিষাক্ত মদ পান করায় তারা মারা গেছেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি। সেখানে দুজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলা মদ বা মিথানল খেয়েছিল। আজ (রবিবার) তারা মারা গেছে। এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ বা মামলা হয়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।