জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৮:৪৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৮:৪৯ পিএম
জামালপুরের মেলান্দহে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার মাতিমন নেছা (৫৫) ও একই উপজেলার রহিমা বেগম (৪৫)। অন্যদিকে গুরুতর আহতরা হলেন—মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও এনজিওকর্মী ফাতেমা আক্তার (৫২)। তারা সবাই বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বেতমারী তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ সব যাত্রী ভেতরে আটকা পড়েন।
স্থানীয়রা শব্দ শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি মেলান্দহ থানা পুলিশ জানিয়েছে, নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ভটভটিটি জব্দ করা হয়েছে।