× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে বদলে যায় সিলেট নগরীর চিত্র

আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৬:১৬ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৬:২৬ পিএম

সিলেটের ক্লিন ব্রিজ এলাকায় অকার্যকর সড়কবাতির কারণে যেমন ভোগান্তি বাড়ছে। তেমনি বাড়ছে ছিনতাই, চুরি ও নানা অপরাধ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের ক্লিন ব্রিজ এলাকায় অকার্যকর সড়কবাতির কারণে যেমন ভোগান্তি বাড়ছে। তেমনি বাড়ছে ছিনতাই, চুরি ও নানা অপরাধ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনের আলো ফুরালেই যেন বদলে যায় সিলেট নগরীর চিত্র। যে নগরীতে প্রতি বছর কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়, সেই নগরীরই গুরুত্বপূর্ণ সড়ক, জনপথ ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি অংশ রাত নামলেই অন্ধকারে ডুবে যায়Ñ এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে অকার্যকর বা নিভে থাকা সড়ক বাতির কারণে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি বাড়ছে ছিনতাই, চুরি ও নানা অপরাধের আশঙ্কাও।

এ অভিযোগের অন্যতম উদাহরণ হিসেবে ওঠে এসেছে সুরমা নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক ক্বিন ব্রিজ। ১৯৩৩ সালে নির্মিত এই সেতু শুধু সিলেটের ঐতিহ্যের অংশ নয়, প্রতিদিন হাজারো মানুষ ও পর্যটকের চলাচলের অন্যতম পথ। তবে স্থানীয়দের অভিযোগ, রাত হলেই পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যায়। সেতুর দুই পাশে সিটি করপোরেশনের অনেক বৈদ্যুতিক খুঁটি ও সড়কবাতি থাকলেও অধিকাংশ সময় সেগুলো জ্বলে না। এতে অন্ধকারের সুযোগে অপরাধীদের সক্রিয় হওয়ার আশঙ্কা তৈরি হয় বলে মনে করেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, ক্বিন ব্রিজ ও আশপাশের এলাকা এখন অনেকের কাছেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। মাস খানেক আগেও এই এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সদস্য ইমন আচার্য্য ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনার পরও সড়কবাতি সচল না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। 

সবচেয়ে বিস্ময়ের বিষয় বলে স্থানীয়দের দাবি, ক্বিন ব্রিজের অদূরেই রয়েছে কোতোয়ালি থানা, সিলেট সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এরপরও এলাকাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় তারা প্রশ্ন তুলছেন।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পুরো নগরীতে প্রায় ২৮ হাজার সড়কবাতি রয়েছে। প্রতি বছর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করা হয়। চলতি বছরের জুন মাসেই বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি টাকারও বেশি পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন।

একই সূত্র জানায়, সিটি করপোরেশনে বর্তমানে প্রায় ১০টি যানবাহনের সংকট রয়েছে। এ ছাড়া ৪২টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২৭টি ওয়ার্ডে ইলেকট্রিশিয়ান রয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক সময় অভিযোগ পাওয়ার পরও দ্রুত মেরামত সম্ভব হয় না।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের কাজিরখলার বাসিন্দা মঈন উদ্দিন বলেন, ‘এলাকাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কবাতি জ্বলে না। কোথাও শুধু খুঁটি আছে, বাতি নেই। রাত হলে চলাচলই কঠিন হয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। ডিজিটাল বাংলাদেশের একটি বড় শহরে এমন পরিস্থিতি মানা যায় না।’

২০ নম্বর ওয়ার্ডের খারপাড়ার বাসিন্দা ফেরদৌস বলেন, ‘এখনও যদি বলতে হয় আমাদের এলাকায় আলো নেই, তাহলে সেটা খুবই দুঃখজনক। অন্ধকার মানেই নিরাপত্তার ঝুঁকি। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।’

১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলার বাসিন্দা লুতফা বেগম বলেন, ‘অনেক সময় সন্ধ্যার পর বাজারে যেতে হয়। কিন্তু কোনো এলাকা অন্ধকার থাকলে সেখানে যেতে ভয় লাগে। বিশেষ করে নারীদের জন্য এই ভয় আরও বেশি। তাই সড়কবাতি সচল রাখা খুবই জরুরি।’

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমাদের প্রয়োজনের তুলনায় ইলেকট্রিশিয়ান ও যানবাহন দুটোই কম। ফলে অনেক সময় অভিযোগ পাওয়ার পরও তাৎক্ষণিকভাবে সব জায়গায় কাজ করা সম্ভব হয় না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি দ্রুত সমস্যার সমাধান করতে। ক্বিন ব্রিজ এলাকার জটিলতা নিরসনের কাজ চলছে। আশা করছি, দ্রুত সেখানে সড়কবাতি সচল করে সমস্যার সমাধান করা হবে।’

জয়দেব বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে কথা হওয়ার পর ক্বিন ব্রিজ এলাকায় কয়েকটি সড়কবাতি সচল করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও জনপথের অনেক স্থান এখনও সড়কবাতিহীন। তাদের দাবি, কেবল ক্বিন ব্রিজ নয়, নগরজুড়ে অকার্যকর সড়কবাতিগুলো দ্রুত সচল করে জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধের পরও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঐতিহাসিক স্থাপনাগুলোতে সড়কবাতি না জ্বলার অভিযোগ নিয়ে নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রত্যাশা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় জনবল ও যানবাহন নিশ্চিত করে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা