চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৫:৩৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৫:৪৩ পিএম
চট্টগ্রামে ডিডিএন কোম্পানিতে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করে র্যাব-৭। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর চন্দনপুরা-বাকলিয়াএক্সপ্রেস রোড এলাকায় ইন্টারনেট সেবাদানকারী ডিজিটাল ডট নেট (ডিডিএন) কোম্পানিতে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছে থাকা হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন রবিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন, হামলার অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।
গ্রেপ্তারদের মধ্যে মাইকেল, তুহিন ও আকবর হোসেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বানিয়াচং এলাকার বাসিন্দা। আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান ও সৈরত হোসেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং সাইফুদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১১ জুলাই চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ডেভিড ইমন নামে পরিচয়ধারী এক সন্ত্রাসী এককালীন ২ কোটি টাকাসহ প্রতি মাসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির স্বত্ত্বাধিকারী চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করলে, দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত ১৩ জুলাই দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার সময় অজ্ঞাতনামা ৩০/৪০ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত অফিসে অনুপ্রবেশ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সন্ত্রাসীরা অফিসে রক্ষিত আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাঙচুর করে। একই সাথে তারা অফিসে রক্ষিত কর্মচারীদের বেতন বাবদ নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে ডিডিএনের ম্যানেজার চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে একটি মামলা করেন।
জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এরই প্রেক্ষিতে শনিবার এই ৯ জন হামলাকারীকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।