টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে যায় চট্টগ্রামের রাস্তাঘাট। পানি সরে গেলেও ক্ষতিগ্রস্ত সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফাইল ছবি
সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ১৫টি উপজেলায় জনজীবনের পাশাপাশি অবকাঠামো, কৃষি ও নিরাপদ পানীয় জলের সরবরাহ ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায়। এ তিন উপজেলায় প্রায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ হাজার নলকূপ ও ৫৬৯৪টি টয়লেট। এছাড়া এসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬১৪টি সড়ক।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) জানিয়েছে, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় মোট ১৯ হাজার ৯৬১টি নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১১০টি সম্পূর্ণ এবং ৭ হাজার ৮৫১টি আংশিক ক্ষতিগ্রস্ত। সরকারি ও ব্যক্তিগত উভয় ধরনের নলকূপই বন্যার পানিতে অকেজো হয়ে গেছে। পাশাপাশি ৫৬৯৪টি টয়লেট (শৌচাগার) ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি নেমে গেলেও অনেক নলকূপে এখনও ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠছে। ফলে দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে অনেক পরিবারকে।
স্থানীয়দের মতে, দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকা, কাদা-মাটি জমে যাওয়া এবং পাহাড় ধসের কারণে হাজার হাজার নলকূপ অকেজো হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপাশি ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ও হেপাটাইটিসসহ পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ার সম্ভবনা রয়েছে।
ডিপিএইচই’র চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নলকূপ পুনঃস্থাপন, আংশিক ক্ষতিগ্রস্ত নলকূপ মেরামত এবং দুর্গত মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বন্যা-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে জরুরি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সেখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়ানো এবং পানি বিশুদ্ধকরণে ৬৫ হাজার ট্যাবলেট বিতরন করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি বাড়লেও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মেডিকেল টিম সর্বাত্মকভাবে কাজ করছে। বন্যাকবলিত এলাকার মানুষ দূষিত পানি পান না করায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম।
অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, জেলার ১৫ উপজেলায় এখন পর্যন্ত ৬১৪টি সড়কের মোট ৪৯০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও সড়ক ভেঙে গেছে। আবার কোথাও সিমেন্টের ঢালাই তলিয়ে গেছে। অনেক কাঁচা সড়ক পুরোপুরি বিলীন হয়ে গেছে। পাশাপাশি প্রায় ১৮০টি কালভার্ট আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ কালভার্ট ভেঙে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়েছে। ছয়টি সড়ক মাঝখান থেকে ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।
এলজিইডি’র চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, বন্যায় চট্টগ্রাম জেলায় সড়ক ব্রিজ, কালভার্ট ভেঙে ৩৯০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হয়েছে। সে অনুযায়ী, পর্যায়ক্রমে সংস্কারকাজ এগিয়ে নেওয়া হবে এবং যতদ্রুত সম্ভব সড়কগুলো চলাচল উপযোগী করতে মেরামতকাজ অব্যাহত থাকবে।