মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৩:০৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম
কাশেমপুর মহিলা কারাগার থেকে পলাতক রিম্পা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কাশেমপুর মহিলা কারাগার থেকে রিম্পা খাতুন নামের এক তরুণী বন্দি পালিয়ে গেছেন।
গত শনিবার সকাল ১০টা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। রিম্পা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের হাসান আলীর মেয়ে।
কারা সূত্রে জানা গেছে,পলাতক বন্দি রিম্পা ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে ওই নারীকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারাগারের মধ্যে রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি টের পেয়ে কারা কর্তৃপক্ষ দ্রুত কারাগারের বিভিন্ন জায়গায় একাধিকবার তল্লাশি চালায়। এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শিরিন আক্তার বলেন, আমরা এখন বিষয়টি নিয়ে ব্যস্ত রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে। মামলা হওয়ায় আমরা ওই নারীকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রেখেছি। এ ব্যাপারে মেহেরপুরের গাংনীতে অবস্থানরত তার পরিবারের কাছে জানতে চাইলে কেউ মুখ খুলতে রাজি হননি।