বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
নিহত আরাফাত ও মইনুল কাজী দুজনই সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।
এর আগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরাফাত, মইনুল কাজীসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনার দুটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আরাফাত ও মইনুল কাজীর মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।