× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: ছাত্রদল নেতাকে পুলিশ সুপার

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২১:২২ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২১:২৯ পিএম

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। ফাইল ছবি

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। ফাইল ছবি

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে প্রকাশ্য বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশের ভূমিকা, ফ্যাসিস্টদের গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া নিয়ে উত্থাপিত অভিযোগের জবাবে পুলিশ সুপার বলেন, যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারও নির্দেশে নয়।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মিঠুর অভিযোগ , “আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা আবার সক্রিয় হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অনেককে গ্রেপ্তারও করা হচ্ছে না”।

তার এই বক্তব্যের পরপরই মাইক্রোফোন নিয়ে জবাব দেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, ”এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। তথ্য-প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ করা ঠিক নয়। কথা বললে তথ্য নিয়ে বলবেন”।

নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে এসেছি। তাই রাজনৈতিক পরিচয় দিয়ে আমাকে প্রভাবিত করার চেষ্টা করবেন না”।


পুলিশ সুপার বলেন, “যাকে আপনারা পছন্দ করেন না, তাকেই ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেন। কিন্তু পুলিশ কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেয় না। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়”।

পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “ওসি কাকে গ্রেপ্তার করবে বা কাকে করবে না, সে নির্দেশ কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তি দিতে পারেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়”।

পুলিশ বাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে বাস্তবতা বিবেচনার আহ্বান জানিয়ে এসপি বলেন, “একটি বাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে চিন্তা করবেন। ৫ আগস্টের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন দেশের অনেক জায়গায় কার্যত পুলিশ ছিল না। সেই নড়বড়ে অবস্থা থেকে পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে”।

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। একটি ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠন করতে সময় লাগে। সরকারকে কাজ করার জন্য সেই সময়টুকু দিতে হবে”।

বিচারহীনতার অভিযোগেরও জবাব দেন পুলিশ সুপার। তিনি বলেন, “বিচার হয় না, এ কথা মোটেও সঠিক নয়। আলোচিত বহু মামলায় আদালত রায় দিয়েছেন, অনেকের মৃত্যুদণ্ড হয়েছে, আবার অনেক মামলার বিচার এখনো চলমান। আমি নিজেও বহু আসামিকে গ্রেপ্তার করেছি এবং তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছি”।

সভায় উপস্থিত অনেকেই পুলিশ সুপারের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। আলোচনার একপর্যায়ে কিছুটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা