কক্সবাজার অফিস
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:৫৪ পিএম
কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেঁড়িবাধ নির্মাণসহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু বসতবাড়ি হারানো ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি জরিপ করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর দোয়া কামনা করে তিনি বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে। যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে তিনি পেকুয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।