নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:১৬ পিএম
নওগাঁ শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’। আমরা সেভাবেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে তিনি শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, এক সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসতো। এখন এদেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এদেশ থেকে যারা দেশের বাইরে পড়তে গিয়েছে, তারা ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছে। এদেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এ জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’
এহছানুল হক মিলন বলেন, ‘কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় হলে, সেই অঞ্চলের চাহিদাগুলোর দিকেও নজর রাখতে হয়। এ অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণ আম ও অন্যান্য ফসল উৎপাদন হয়, তাই সেদিকে লক্ষ্য রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে ‘ফুড টেকনোলজির’ মত বিষয়গুলো সংযুক্ত হতে পারে। অনুষ্ঠানে তিনি বৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলা নিয়ে বিতর্কের ব্যাখ্যা দেন।
এইচএসসি পরীক্ষা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা এসেছি চার মাস, আমরা তো দুই বছরের জন্য নতুন মডারেটর নতুন কোশ্চেনের সেট করিনি। আমরা করব। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে, এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে হচ্ছে। অতএব আমরা এই মডারেশন, কোশ্চেন আনসার এগুলো আমরা করব। এটাকে ইন্টারপ্রেট করল ওহ, দুই বছর আগে এইচএসসি কোশ্চেন হয়েছে? এইটা নিয়ে ক্যাচাল শুরু হলো। আমি বলেছি দুই বছর লাগে ট্রেনিং করতে।