ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:১৩ পিএম
ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভৈরব উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে উপজেলা কার্যালয়ে শনিবার এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে সাইদুর রহমান সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার সুজন। বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজনসহ উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু।
এছাড়াও কিশোরগঞ্জ, বাজিতপুর, অষ্টগ্রাম, নিকলী এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা সাইদুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সাইদুর রহমান আগামী দিনে সংগঠনের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যুবদলকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনগণের কল্যাণে রাজনীতি করার বিকল্প নেই।”
তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ সংবর্ধনাকে প্রাণবন্ত করে তোলে।