অরিত্র কুণ্ডু,পশ্চিমাঞ্চল
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:৫০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম
ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক থাকার কথা থাকলেও বাস্তবে তা চলছে ভাড়া করা শিক্ষক দিয়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক থাকার কথা থাকলেও বাস্তবে তা চলছে ভাড়া করা শিক্ষক দিয়ে। অনুমোদিত পদ থাকলেও নিয়োগ না হওয়ায় বাইরে থেকে শিক্ষক এনে পাঠদান করানো হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে, অন্যদিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও বিকাশ ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়টিতে বর্তমানে ১০০ আসনের বিপরীতে শিক্ষার্থী রয়েছে মাত্র ৫৬ জন। অভিভাবকদের অভিযোগ, প্রতিবন্ধী শিশুদের জন্য সাধারণ বিদ্যালয়ের চেয়ে বেশি প্রশিক্ষিত শিক্ষক ও বিশেষায়িত শিক্ষা পদ্ধতি প্রয়োজন। তবে সরকারি এই বিদ্যালয়ে নিয়মিত কোনো শিক্ষক থাকেন না, ফলে এসব শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, বিএনপি শাসনামলে ২০০৬ সালে ঝিনাইদহ পৌর এলাকার মহিষাকুন্ডুতে নয় বিঘা জমির ওপর সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি বিদ্যালয়টির নির্মাণকাজ শুরু হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে নির্মাণ কাজ কয়েক দফায় পিছিয়ে দেওয়া হয়।
পরে ২০২৫ সালে বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ হয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের গার্মেন্টস অ্যান্ড এম্বোড্রয়ারি, ফেন্সি উড ওয়ার্কসহ চারটি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। বিদ্যালয়টিতে আবাসিক ও একাডেমিক ভবন মিলিয়ে পাঁচটি ভবন রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে জনবল না থাকায় কর্মকর্তা ও কর্মচারীদের ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একাডেমিক ভবনের সামনে বিভিন্ন ধরণের ফুলগাছ লাগানো হয়েছে। ভবনটিতে নতুন করে রং করা হয়েছে। তবে সেখানে কোনো শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। শ্রেণিকক্ষে যাওয়ার জন্য শিক্ষার্থীরা স্কুলড্রেস পড়ে বই হাতে অপেক্ষা করছে।
জানা গেছে, ২০১৫ সালে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হলেও ২০১৯ সাল থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি করানো শুরু হয়। তখন থেকে বিদ্যালয়টিতে তাদের পড়ালেখা করানোর কোনো শিক্ষক নেই। প্রশিক্ষক, হাউস প্যারেন্ট, সাধারণ শিক্ষক, হিয়ারিং এইড টেকনিশিয়ান ও কারিগরি প্রশিক্ষক পদে কোনো জনবল নেই। কাগজে-কলমে নয়জন শিক্ষকের পদ থাকলেও সাতটি পদ শূণ্য রয়েছে দীর্ঘদিন ধরে।
শিক্ষক সংকটের কারণে অনেক সময় স্থানীয়ভাবে তিনজন শিক্ষক এনে ক্লাস নেওয়া হয়। অনেক সময় এসব শিক্ষককে সামান্য পারিশ্রমিক দেওয়া হলেও তা নিয়মিত নয়। ফলে শিক্ষকেরাও অনিশ্চয়তার মধ্যে থাকেন। এর প্রভাব পড়ে পাঠদানের ধারাবাহিকতায়। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে দুজন বাবুর্চি, দুজন নিরাপত্তা প্রহরী, একজন মালি ও পরিচ্ছন্নতাকর্মী। তারাও দীর্ঘদিন ধরে বেতন পান না।
একাধিক অভিভাবক জানান, তাদের সন্তাদের বিশেষায়িত শিক্ষা, থেরাপি ও নিয়মিত পরিচর্যা প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় অনেক সময় ক্লাস ঠিকমতো হয় না। কখনো শিক্ষক পরিবর্তন হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে সমস্যা হয়। ফলে আমাদের সন্তানদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়াও বরাদ্দ অনুযায়ী খাবার দেওয়া হয় না।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়টির দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান বলেন, “আমার মূল দায়িত্ব এই স্কুলে না। তবুও মাঝে মাঝে আমি এসে সবকিছু তদারকি করি। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে ভাড়া করা শিক্ষকের ওপর নির্ভরতা কমবে আসবে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।”
এ ব্যাপারে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বশির আহমেদ বলেন, “বিদ্যালয়টি চালু রাখার জন্য আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি। পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দিতে পারলে এ জনপদের প্রতিবন্ধী সন্তানেরা আত্মনির্ভরশীল হবে। এ জন্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। আশা করছি শিগগিরি এ সমস্যার সমাধান ঘটবে"।