আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:০৮ পিএম
আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুঁলিয়া গ্রামে বাল্যবিয়ে বন্ধ করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভরতেতুঁলিয়া গ্রামে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালাই। অভিযানে মেয়ের জন্মসনদ যাচাই করে সংবাদের সত্যতা পাই। তৎক্ষণাৎ বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করি।
সেইসঙ্গে কনে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। এ ছাড়া কনে মোছা. ছামিয়া আক্তারের (১৬) পিতা গুলিয়া গ্রামের আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।