কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৬:৫৭ পিএম
শাহিদা বেগম। ছবি: সংগৃহীত
ছুটি ছাড়া মাসের বেশিরভাগ দিনেই অফিস করেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা। হাজিরা খাতাও আলমারিতে আটকে রেখে যান তিনি। এতে সহকারী দুই শিক্ষা কর্মকর্তা অফিসে এলেও স্বাক্ষর দিতে পারেন না হাজিরা খাতায়। তিনি অফিসে এক দিন এসে খাতায় স্বাক্ষর করেন পুরো সপ্তাহের হাজিরা। তখন তারাও স্বাক্ষর দিতে পারেন । কেউই বলার নেই তার বিরুদ্ধে, কারণ জেলা শিক্ষা কর্মকর্তাও ম্যানেজ। এমন সব অভিযোগ পাওয়া গেছে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমের বিরুদ্ধে।
বিশ্বস্ত সূত্র জানায়, শিক্ষকদের ডেপুটেশন বদলি আদেশ দেয়ার কোন এখতিয়ার নেই উপজেলা শিক্ষা কর্মকর্তার। তবুও নিয়ম বহির্ভূতভাবে শিক্ষকদের ডেপুটেশন বদলি আদেশ দিয়ে ৩০ থেকে ৫০ হাজার করে নেন তিনি। এছাড়া শিক্ষকদের পিআরএল, এলপিআর, শ্রান্তি বিনোদন, লাম গ্র্যান্ড, মাতৃত্বকালীন ছুটি, ঋণ আবেদন, টিএ বিল, এমনকি পেনশন সব কিছুতেই টাকা দিতে হয় তাকে।
অফিস কন্টিজেন্সির কম্পিউটার মেরামত, কালি, কাগজ-কলমের জন্য গত অর্থবছরের বরাদ্দকৃত ১ লাখ ২০ হাজার টাকা পুরোটাই তার পেটে। স্কুল প্রতি ইন্টারনেট, পরিস্কার পরিচ্ছন্নতা, গোল্ড কাপ, কন্টিজেন্সি, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও উন্নয়নের সরকারী বরাদ্দ ক্ষুদ্র মেরামত ও স্লিপ প্রকল্প থেকেও মোটা অংকের পারসেন্টেজ দিতে হয় তাকে।
ইমারজেন্সি ইন এডুকেশন খাতের ৫টি বিদ্যালয়ের ৩ লক্ষ হারে বরাদ্দকৃত টাকা থেকে সাড়ে সাত হাজার করে নেন তিনি। ৩২ টি স্কুলের নির্বাচনী কেন্দ্র সংস্কার বরাদ্দ থেকেও ৫ হাজার টাকা করে নেন তিনি।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র থেকে টাকা আদায়ের নিয়ম না থাকলেও ১১৯৪ বৃত্তি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশ পত্রের জন্য নিয়ম বহির্ভূত ভাবে ১০ টাকা করে আদায় করে ১১,৯৪০ টাকার পুরোটাই নেন তিনি।
সূত্রটি আরও জানায়, উপজেলার পূর্ব পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩০৪, শিক্ষক রয়েছে মাত্র দুইজন। চর গঙ্গামতি বিদ্যালয়ে শিক্ষার্থী ১৫১, শিক্ষক দুইজন। এর মধ্যে আবার একজনকে বদলির অনুমতি দিয়ে রেখেছেন। মধ্য পাটুয়া বিদ্যালয়ে শিক্ষার্থী ৭১, শিক্ষক দুইজন। গোলবুনিয়া বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। চরপাড়া পক্ষীয়া পাড়া বিদ্যালয়ে শিক্ষার্থী ৯০, শিক্ষক দুইজন।
বৌলতলী সৈয়দপুর বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। পশ্চিম ধানখালী বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। এসব বিদ্যালয়ের পাঠদান স্বাভাবিক রাখতে কোন পদক্ষেপ না নিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করেই এই ডেপুটেশন বদলি বাণিজ্য করছেন ইউপিইও, এমনই দাবি সূত্রটির।
এদিকে উপজেলা শিক্ষা অফিসের কোন ধরনের অনুমতি ছাড়াই বিদেশে চলে যান মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিমি রাখাইন ও চর চান্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা আক্তার সুমি। এছাড়া ২৪ এর ৫ আগস্টের পরে রাজনৈতিক কারণে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ আলম পলাশ ও গোলবুনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদারকি আছে শুধু কাগজে কলমে, বাস্তবে নেই। অফিস ব্যস্ত দুর্নীতি অনিয়মে, এমন অভিযোগ একাধিক সূত্রের।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের হাজিরা খাতা বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম মে মাসের ১৪ তারিখ পর্যন্ত হাজিরা একদিনে স্বাক্ষর করেছেন। অপর দিনগুলোর হাজিরা ফাঁকা। একইভাবে ২৩ জুন তারিখে হাজিরা খাতায় দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষরের ঘর ফাঁকা। অথচ ২৪ জুন অফিসে এসে একদিনে হাজিরা খাতার স্বাক্ষর আপডেট করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, “আপনি খোঁজ নেন ক্ষুদ্র মেরামত, স্লিপ, ইমার্জেন্সি ইন এডুকেশন ও নির্বাচনী ভোট কেন্দ্র সংস্কারের কাজ যথাযথভাবে হয়েছে কি না। তারপরে আপনার সাথে কথা বলবো”।
জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম বলেন, “আপনার কাছ থেকে প্রাথমিকের অভিযোগের বিষয়ে জানতে পারলাম, যা আমাকে কেউ অবগত করেনি। এক কথায় বলবো সঠিক হয়নি। আমি অবশ্যই সাডেন ভিজিটে কলাপাড়ায় যাবো এবং পরিদর্শন করে এ বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবো”।