ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৬:১০ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে বাড়ির সামনে থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইউসুফ ফকির (৪৫) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ পাটখেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, তাকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকা
দাবি করেছিল। টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের রোকমান খাঁর ডাঙ্গী গ্রামের একটি
পাটখেত থেকে শনিবার সকাল ৭টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ ফকির
ওই গ্রামের সেকেন ফকিরের ছেলে। পেশায় তিনি পেঁয়াজসহ রাখিমালের পাইকারি ব্যবসা করতেন।
নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ইউসুফ ফকিরের শরীর কিছুটা
খারাপ লাগছিল। তিনি স্ত্রীকে জানান, মমিন খাঁর হাট গিয়ে একটি ডিসপেনসারিতে ডায়াবেটিস
পরীক্ষা করাবেন কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। বাজারের কাজ শেষে সন্ধ্যার দিকে একটি
ইজিবাইকে করে বাড়ির সামনে নামেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইউসুফের
শ্বশুর আজিজ খান বলেন, যে ইজিবাইকে করে তিনি বাড়িতে ফিরেছিলেন, সেই চালক জানিয়েছেন,
বাড়ির সামনেই তাকে নামিয়ে দেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকবার ইউসুফের মুঠোফোনে
কল করা হলে তিনি ফোন কেটে দেন। রাত ৯টার পর তার নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ইউসুফের ভাতিজা সাইফুল ফকির
ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজিজ খান আরও বলেন, শুক্রবার বিকেলে প্রথমে ইউসুফের মুঠোফোন থেকেই
তার মেয়ের নম্বরে কল আসে। ফোনে অপহরণকারীরা ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা
দিলে ইউসুফকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়ার কথা বলে।
ভোর ৬টার দিকে কয়েকজন কৃষক পাট কাটতে গিয়ে ইউসুফের বাড়ি থেকে প্রায়
৩০০ মিটার দূরের একটি পাটখেতে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তার মুখ দিয়ে কীটনাশকের
বিষাক্ত প্রতিক্রিয়া বের হচ্ছিল। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতলও পড়ে ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকান্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে
তদন্ত চলছে। তিনি বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত
জানানো হবে।