জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৫:৫৫ পিএম
জয়পুরহাটে মো. মুকুল (৪০) নামের এক মাদক কারবারিকে আটকের পর এক্স-রে করে পেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটে পেটের ভেতর অভিনব ও ঝুঁকিপূর্ণ কায়দায় ইয়াবা পাচারের সময় মো. মুকুল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এক্স-রে রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসকের সহায়তায় তার পেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম তিনরাস্তার মোড় থেকে শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে মুকুলকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে এক ব্যক্তি পেটে করে ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্ষেতলালের দিকে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে দেওগ্রাম তিনরাস্তার মোড়ে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় একটি নম্বর প্লেটবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তায় সন্দেহ হয়।
পরে তাকে আটক করে জয়পুরহাট শহরের পদ্মা ক্লিনিকে নিয়ে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ দিয়ে ৫০০ পিস ইয়াবা বের করা হয়।
জয়পুরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।