× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‎স্বাধীনতার ৫৫ বছর

আজও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি পাবনার বীরাঙ্গনা বুলবুলী রানীর

‎ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৪:১২ পিএম

রাষ্ট্রীয় স্বীকৃতি বঞ্চিত একাত্তরের বীরাঙ্গনা বুলবুলী রানী ঘোষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্রীয় স্বীকৃতি বঞ্চিত একাত্তরের বীরাঙ্গনা বুলবুলী রানী ঘোষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ‘বীরাঙ্গনা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি বলে দাবি করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা গ্রামের বাসিন্দা বুলবুলী রানী ঘোষ (৬৯)।

তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা কুণ্ডুপাড়া গ্রামের মৃত অমূল্য চন্দ্র ঘোষের আট সন্তানের একজন।

‎বুলবুলী রানী ঘোষের ভাষ্য অনুযায়ী, ১৯৭১ সালের ১৪ মে ডেমরা ও আশপাশের এলাকায় পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। ওই সময় তার পিতামহ রাখাল ঘোষ নিহত হন। তিনি অভিযোগ করেন, বাড়ি থেকে পালানোর সময় পাকিস্তানি সেনারা তাকে আটক করে প্রথমে একটি বাগানে যৌন নির্যাতন করে এবং পরে একটি ক্যাম্পে দীর্ঘদিন আটক রেখে নির্যাতন চালায়। সে সময় তার বয়স ছিল আনুমানিক ১৪ থেকে ১৫ বছর।

‎তার দাবি, স্বাধীনতার পর তিনি অন্যান্য বেঁচে যাওয়া নারীর সঙ্গে মুক্তি পান এবং নিজ গ্রামে ফিরে আসেন। পরে সামাজিক কারণে বিষয়টি গোপন রেখে পরিবারের উদ্যোগে তার বিয়ে হয়। তবে ঘটনাটি প্রকাশ পাওয়ায় স্বামী তাকে ছেড়ে যান। এরপর তিনি আর বিয়ে করেননি। পরবর্তী সময়ে পরিবারসহ ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা গ্রামে বসবাস শুরু করেন।

‎বুলবুলী রানী বলেন, দীর্ঘদিন তিনি জানতেন না যে যুদ্ধকালে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। বিষয়টি জানার পর তিনি স্বীকৃতির জন্য আবেদন করেন।

‎ফরিদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেন, ১৯৭১ সালের ওই গণহত্যায় ডেমরা এলাকায় প্রায় ৮০০ থেকে ১ হাজার মানুষ নিহত হন বলে বিভিন্ন তথ্য রয়েছে। তার ভাষ্য, ওই এলাকায় একাধিক নির্যাতিত নারী রয়েছেন। সামাজিক কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করেন না। বুলবুলী রানী যেহেতু প্রকাশ্যে দাবি করেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

‎ডেমরা গ্রামের বাসিন্দা, সমাজকর্মী, মুক্তিযুদ্ধ গবেষক এবং পল্লী পাঠাগার ও স্মৃতি জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহ আলম বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি। বুলবুলী রানীর দাবি সত্য। তিনি একাত্তরের বীরাঙ্গনা। একজন মুক্তিযোদ্ধা অথবা একজন বীরঙ্গনাকে রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে আমরা বঞ্চিত করতে পারিনা। আশা করি সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।

‎বুলবুলী রানীর সংরক্ষিত নথি অনুযায়ী, কয়েক বছর আগে তিনি ভাঙ্গুড়া উপজেলাে ইউএনওর মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে  বীরাঙ্গনা হিসেবে গেজেটভুক্তির আবেদন করেন। আবেদনের সঙ্গে ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রাজ্জাক, তৎকালীন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মঞ্জুর মোর্শেদ সেলিম, প্রত্যক্ষদর্শী সন্তোষ কুমার কুণ্ডু এবং বীর মুক্তিযোদ্ধা শামসুল হক নান্নুর সাক্ষ্য ও সুপারিশ সংযুক্ত করা হয়। 

‎পরবর্তী সময়ে ২৪ জুন ২০২৪ তারিখে তৎকালীন ভাঙ্গুড়া উপজেলা ইউএনও নাজমুন নাহার এক চিঠির মাধ্যমে উপজেলা মহিলা মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) যাচাই-বাছাই কমিটিকে আবেদনটি সরেজমিন তদন্ত করে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি বলে দাবি করেন আবেদনকারী।

স্বীকৃতি না পাওয়ায় রাষ্ট্রীয় মর্যাদা, ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলেও অভিযোগ করেন বুলবুলী রানী। বর্তমানে তিনি অষ্টমণিষা গ্রামের একটি ভাড়া বাড়িতে একা থাকেন। প্রতি মাসে বাড়ি ভাড়া হিসেবে ১ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হয়। অন্যের বাড়িতে কাজ করেন এবং বিধবা ভাতার অর্থে তার জীবন কোনোভাবে চলে যাচ্ছে বলে জানান তিনি।

অষ্টমণিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, বুলবুলী রানীর আবেদনের পর সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকেও প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে এবং বিভিন্ন সময়ে সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা ইউএনও আরিফুজ্জামান বলেন, আবেদনটি তার দায়িত্ব নেওয়ার আগের সময়ের। তিনি আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্রসহ দেখা করতে বলেছেন। নথি পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা