হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:০৮ পিএম
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় ৫০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ৫০০ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর উদ্যোগে শনিবার সকালে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি সব সময় দেশের
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণেও
বিজিবি নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের মতো উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা
উপস্থিত ছিলেন।