জ্যেষ্ঠ প্রতিবেদক,পশ্চিমাঞ্চল
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:৪৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১২:৪৮ পিএম
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহে পুলিশের সামনে শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টা দিকে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনসহ একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। আহত দুই সাংবাদিক বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মিশন আলী নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিক মিশন আলী বলেন, গত ১১ জুলাই শহরের আড়পাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিলন হোসেন নামে এক যুবককে মারধর করে এলাকার অজ্ঞাত কয়েকজন যুবক। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আড়পাড়া এলাকার মিঠু নামের এক যুবককে তুলে নিয়ে আসে পুলিশ। এরপর রাত সাড়ে আটটার দিকে স্থানীয়রা থানায় আসে পুলিশের সাথে কথা বলার জন্য। সে সময় ওসি কৃষকদল নেতা জালাল ও শাহীন লষ্করদের মোবাইল করে ডেকে আনে। এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালীগঞ্জ থানার সামনে যায়।তখন যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতা-কর্মী থানায় আসা মহিলাদের ওপর হামলা করে। এই হামলার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল ভিডিও করতে নিষেধ করেন। বিএনপি নেতাকর্মীদের কোনো ভিডিও করা যাবে না বলে সে হুমকি দেয়। এরপর জালাল প্রথমে আমার ওপর হামলা করে।
শাহরিয়ার আলম সোহাগ বলেন, ওসি মামলা না নেওয়ায় ১৫ থেকে ২০ জন নারী থানায় আসে। সে সময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালালসহ কয়েকজন ওই নারীদের ওপর হামলা চালায়। সেই ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা করে জালালসহ কয়েকজন। পুলিশের সামনে সন্ত্রাসী জালাল এই হামলা চালিয়েছে। হামলার পর ওসি তাকে গ্রেপ্তার না করে সেফ এক্সিট দিয়েছে। ওসির মাদক বাণিজ্য ও এক আসামির মোবাইল গায়েব নিয়ে আমি সংবাদ প্রকাশ করি। এই ঘটনায় ওসি ক্ষিপ্ত হয়ে তাঁর পেটুয়া বাহিনী দিয়ে আমাদের ওপর হামলা করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, বেশ কয়েকজন নারী থানার সামনে উপস্থিত হলে জালাল ও তার সাথে থাকা দলীয় নেতা-কর্মীরা তাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করে। সেখানে উপস্থিত সাংবাদিকরা এই ঘটানার ভিডিও ধারণ করতে গেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বাক-বিতন্ডা ঘটে। পরে আমি তাদের শান্ত করার চেষ্টা করি।