বন্দি পলায়ন
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১১:৫২ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১২:০৫ পিএম
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেয়াল টপকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন-মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফরহাদ।
কারাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে রিম্পা (২১) নামে এক আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। এদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুয়ায়ী বিকাল ৫টার মধ্যে আসামিদের লকআপে থাকার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেননি।
এই সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের সাজা দেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানায় একটি মামলা করেছে।
এ বিষয়ে জানতে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।