× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ সাংবাদিক মেহেদীর পরিবারে আর্থিক সংকট

এম.এ হান্নান, বাউফল (পটুয়াখালী)

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১০:১৩ এএম

পটুয়াখালীর বাউফলের শহিদ সাংবাদিক মো. মেহেদী হাসানের বাবা-মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলের শহিদ সাংবাদিক মো. মেহেদী হাসানের বাবা-মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলের শহীদ সাংবাদিক মো. মেহেদী হাসানের মৃত্যুর দুই বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তার বাবা-মা। একই সঙ্গে সরকারি ও বিভিন্ন উৎসের অনুদান বণ্টন নিয়ে মেহেদীর বাবা-মা ও স্ত্রীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে।

২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন ঢাকা টাইমস-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মেহেদী হাসান। ওই সময় মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সেদিন সন্ধ্যায় মেহেদীর মৃত্যুর খবর পৌঁছে যায় পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে। পরিবারের সদস্যদের ভাষ্য, দুই বছর পার হলেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তারা।

মো. মেহেদী হাসান মোসারেফ হোসেনের ছেলে। পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। নিউজ টোয়েন্টিফোর, চ্যানেল এস, বাংলাদেশের আলোসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর সর্বশেষ ঢাকা টাইমসে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী ফারহানা ইসলাম পপি এবং দুই মেয়েÑ মাইমুনা বিনতে নিশা (৬) ও আনিশা (২)-কে নিয়ে ঢাকায় বসবাস করতেন। গ্রামের বাড়িতে থাকেন তার বাবা, মা ও ছোট ভাই। পরিবারের দাবি, মেহেদীর আয়ের ওপরই সংসার ও ছোট ভাইয়ের লেখাপড়া চলত।

মেহেদীর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে বসে ছেলের কবরের দিকে তাকিয়ে আছেন বাবা মোসারেফ হোসেন। মা মাহমুদা বেগমও ছেলেকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। 

মোসারেফ হোসেন বলেন, মেহেদী ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পাঠানো টাকায় সংসার, বাবা-মায়ের চিকিৎসা ও ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চলত। বর্তমানে সরকারের মাসিক সাড়ে ৬ হাজার টাকার ভাতায় দুজনের চিকিৎসা, সংসার পরিচালনা ও ছোট ছেলের পড়াশোনার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে ঋণ করে সংসার চালাতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, মেহেদীর মৃত্যুর পর সরকার, জুলাই ফাউন্ডেশন, দুদক, মেহেদীর কর্মস্থলসহ বিভিন্ন উৎস থেকে দেওয়া অনুদানের প্রায় দেড় কোটি টাকা তার পুত্রবধূ গ্রহণ করেছেন। সেখান থেকে তাদের মাত্র ১০ লাখ টাকা দেওয়া হয়েছে, যা ঋণ পরিশোধে ব্যয় হয়েছে।

মাহমুদা বেগম বলেন, ছেলে মারা যাওয়ার পর পুত্রবধূর সঙ্গে তাদের যোগাযোগ কমে গেছে। তিনি কোথায় থাকেন, সেটিও তারা জানেন না। তবে মাঝেমধ্যে নাতনিদের সঙ্গে মোবাইলে কথা বলার সুযোগ পান।

অন্যদিকে মেহেদীর স্ত্রী ফারহানা ইসলাম পপি অনুদানের প্রায় দেড় কোটি টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দেড় কোটি টাকা অনুদান পাওয়ার প্রমাণ দেখাতে হবে। তার দাবি, দুই সন্তান নিয়ে তিনি কঠিন সংগ্রামের মধ্যে জীবনযাপন করছেন। শ্বশুরবাড়ি থেকে প্রত্যাশিত সহযোগিতার পরিবর্তে অবহেলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন।

পপি বলেন, তার শ্বশুর-শাশুড়ির আরও সন্তান ও বসতবাড়ি রয়েছে। কিন্তু তার নিজের আয়ের কোনো স্থায়ী উৎস নেই। সরকার থেকে মাসিক ভাতার পাশাপাশি এককালীন কিছু আর্থিক সহায়তা তার শ্বশুর-শাশুড়িও পেয়েছেন বলে দাবি করেন তিনি।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, শহিদ পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয় এবং সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি বলেন, যেহেতু মেহেদীর স্ত্রী ও সন্তান রয়েছে, তাই সরকারি ভাতা দুই পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এরপরও মেহেদীর বাবার কোনো সমস্যা থাকলে লিখিতভাবে জানালে বিষয়টি দেখা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা