সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২১:০৬ পিএম
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত দেশব্যাপী বৃক্ষরোপণ প্রকল্পে চারা, বাঁশের খুঁটি ও জৈবসার বিতরণে প্রকাশ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। তাকে সাতক্ষীরা থেকে ‘স্ট্যান্ড রিলিজ’ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। আদেশে বিদায়ী এই কর্মকর্তাকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগে জানা যায়, সদর উপজেলার ১ হাজার ২০০ কৃষকের জন্য বরাদ্দকৃত সরকারি উপকরণে ব্যাপক দুর্নীতি করেন এই কর্মকর্তা। নিয়মানুযায়ী প্রতি পিস বাঁশের খুঁটির সরকারি দাম ৫০ টাকা ধরা হলেও কৃষকদের সরবরাহ করা হয়েছিল মাত্র ১০ থেকে ২০ টাকা দামে অত্যন্ত নিম্নমানের কঞ্চি বা ছাঁটা বাঁশ।
এ ছাড়া সরকারি পত্রে ৪ টাকা কেজি দরে ৬০০ টাকার বিনিময়ে ১৫০ কেজি গোবর সার দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও কৃষকদের দেওয়া হয় মাত্র ৪০ কেজির একটি কোম্পানির প্যাকেটজাত সার, যার বাজারমূল্য সাকুল্যে ৪৮০ টাকা। অথচ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে ১৫০ কেজি সারই বুঝে পেয়েছেন বলে কাগজে-কলমে সই বা টিপসই করিয়ে নেন। সদর উপজেলার এই প্রকল্প থেকেই বাঁশের খুঁটি এবং জৈবসারের বরাদ্দ ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
সূত্র জানায়, গত ১৬ জুন সাতক্ষীরা সদরের কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন আবু সাঈদ শুভ্র। যোগ দেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় অর্থাৎ গত ২৯ জুন সরকারের পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে উপকরণ বিতরণকালে বাঁশ ও গোবর সারে ব্যাপক দুর্নীতির আশ্রয় নেন তিনি।
এই অনিয়ম ও জালিয়াতি নিয়ে গত ২ জুলাই বিভিন্ন গণমাধ্যমে খবর বের হওয়ার পর প্রশাসনের ওপরমহলে তোলপাড় শুরু হয়। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পরপরই ‘বাঁশ ও গোবর সার কাণ্ডে’ জড়িত থাকার দায়ে এই কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হলো।