নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২০:১৪ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬ ২১:১১ পিএম
স্কাউটের রোভার শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ করেছেন স্কাউটের তিন সিনিয়র রোভার মেট।
বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে ১২ জুলাই সকাল ৭টায় এ যাত্রা শুরু করে পঞ্চম দিনে বৃহস্পতিবার তারা কুয়াকাটায় পৌঁছান।
স্কাউটের রোভাররা হলেন শাহরিয়ার রহমান হাছিব, মশিউর রহমান আবির ও সাজিদুল ইসলাম সিজান।
তারা প্রথম দিন ২৬ দশমিক ৭ কিলোমিটার, দ্বিতীয় দিন ২২ কিলোমিটার, তৃতীয় দিন ৩৪ কিলোমিটার, চতুর্থ দিন ৩৮ কিলোমিটার এবং পঞ্চম দিন ৩৫ কিলোমিটার পরিভ্রমণ করেন। টানা পাঁচ দিনের পদযাত্রা শেষে তারা কুয়াকাটায় পৌঁছান।
রোভার শাহরিয়ার রহমান হাছিব বলেন, “প্রথম দিনের যাত্রায় আমরা দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজে বিরতি ও বাকেরগঞ্জ সরকারি কলেজে রাত্রিযাপন করেছি। দ্বিতীয় দিন ১২ নম্বর উত্তর কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতি ও পটুয়াখালী ডিসি অফিসে রাত্রিযাপন, তৃতীয় দিন ইউনুস আলী খান ডিগ্রি কলেজে বিরতি ও বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত্রিযাপন”।
“চতুর্থ দিন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বিরতি ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাত্রিযাপন এবং পঞ্চম দিন ফাতেম হাই মাধ্যমিক বিদ্যালয়ে বিরতি দিয়ে কুয়াকাটা জিরো পয়েন্টে রাত্রিযাপন করেছি”।
রোভার মশিউর রহমান আবির বলেন, “রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য আমরা এই পরিভ্রমণ সম্পন্ন করেছি। পরিভ্রমণকালে ‘ধ্বংস নয়, সৃষ্টি করি; জীববৈচিত্র্য রক্ষা করি’, ‘মনের যত্ন নিন, সুন্দর জীবন গড়ুন’ এবং ‘সত্যের পাশে থাকুন, গুজবকে না বলুন’—সমাজ সচেতনতামূলক এই তিনটি স্লোগান আমরা বহন করেছি”।