ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৯:২৮ পিএম
ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের বাড়িতে মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান জাতীয় সংসদ দেশের মানুষের প্রত্যাশার প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের বাড়িতে শুক্রবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, বিগত চারটি সংসদ প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। তবে বর্তমান সংসদে সরকারি দল ও বিরোধী দল উভয়ই স্বাধীনভাবে বক্তব্য রাখছে এবং দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং বিরোধী দলের সহযোগিতায় জাতীয় সংসদকে আরও কার্যকর, গণমুখী ও শক্তিশালী করতে সবাই একসঙ্গে কাজ করছে।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সংসদের কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।